নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মামুনুর রশীদ কিরন এমপি ও সাবেক চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) চৌমুহনী পৌরসভার চৌমুহনী রেললাইন এলাকায় সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
এ সময় দু’পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিষ্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া মোটরসাইকেলে আগুন ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে কয়েকদিন আগে চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার আ.লীগ কর্মী টিটু ও করিমপুর এলাকার প্রান্তের সাথে বাকবির্তকের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে ও চৌমুহনী বাজারে আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার রাতে রেললাইন এলাকায় টিটু ও প্রান্ত গ্রুপের লোকজন একত্রিত হলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে অন্তত ১৬ জন আহত হয়। এ সময় সংঘর্ষকারীরা ককটেল বিষ্ফোরণ, একটি মোটরসাইকেলে আগুন, একটি ভাঙচুর করে। পরে এক পক্ষের লোকজন স্থানীয় জামান মার্কেটে অবস্থান নিলে অন্যপক্ষ তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়।
চৌমুহনী পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান পাঠান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চৌমুহনী বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বার্তাবাজার/নব