মেয়রের বাসভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, আহত-১৩

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস ছালামের বাসভবনে বিস্ফোরণ ঘটেছে। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার রামগোপালপুর এলাকায় মেয়র আব্দুস ছালামের বাসভবনের তিন তলায় এই বিস্ফোরণ ঘটে।

বুধবার(৭ এপ্রিল) সকাল ৮টায় মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে হঠাৎ মেয়রের বাসভবনে বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, সিআইডি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। সেখানে যাবতীয় আলামত পর্যবেক্ষণ করে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে । এতে মেয়র পত্নী ও চার জন কাউন্সিলরসহ ১৩ জন আহত হয়।

বিস্ফোরণে দুই জন গুরুতরসহ মোট ১৩ জন আহত হয়েছেন বলে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শৈবাল বসাক নিশ্চিত করেছেন। মেয়রের স্ত্রী কানন বেগমের অবস্থা গুরুতর। আর যাদেরকে রেফার্ড করা হয়েছে তাদের ৩০-৪০ শতাংশ দগ্ধ হয়েছে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন একজন।

আহত রহিম বাদশা বলেন, চার জন কাউন্সিলরসহ আমরা কয়েকজন মিরকাদিম পৌরসভার হিসাব নিকাশের কাগজ সংক্রান্ত একটি কাজের ব্যাপারে মেয়রের বাসায় আলোচনা করছিলাম। হঠাৎ কিছু একটা বিস্ফোরণ ঘটে। কিসের থেকে এমন বিস্ফোরণ ঘটেছে তা এখনও বলতে পারছি না। মেয়র তার নিজ বাড়িতে আছেন, তিনি ভালো আছেন।

বার্তাবাজার/কা.হা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর