হিন্দুপল্লীতে হামলা: শাল্লার ওসি বরখাস্ত, দিরাইয়ে বদলি

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলামকে মৌলভীবাজার জেলায় বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শাল্লা থানার ওসি নাজমুল হককে সাময়িক বরখাস্ত ও দিরাই থানার ওসি আশরাফুল ইসলামকে মৌলভীবাজারে বদলি করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে তাদের বিরুদ্ধে তদন্ত করা হয়েছিল।

এ ব্যাপারে সিলেট পুলিশ রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, পিপএম জানান, শাল্লা উপজেলায় হিন্দু অধ্যুষিত গ্রামে হামলার ঘটনায় শাল্লার থানার ওসি ও দিরাই থানার ওসির দায়িত্বে অবহেলার বিষয়টি প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। সে জন্য শাল্লা থানার ওসি নাজমুল হককে সাময়িক বরখাস্ত করে বরিশাল রেঞ্জে সংযুক্ত হতে নির্দেশ দেওয়া হয় এবং দিরাই থানার ওসি আশরাফুল ইসলামে মৌলভীবাজার জেলায় বদলি করা হয়েছে।

প্রসঙ্গত, শাল্লা উপজেলার নোয়াগাও গ্রামের যুবক ঝুমন দাসের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে গত ১৭ মার্চ সকালে সেখানকার হিন্দুদের বাড়িঘরে হামলা চালানো হয়। এ ঘটনায় মামলার প্রধান আসামি দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম স্বাধীনকে ২০ মার্চ ভোরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার একটি গ্রাম থেকে আটক করে পিবিআই। এই মামলায় মোট ৩৫ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে প্রধান আসামির ৫ দিন ও ২৯ আসামিকে ২ দিনের রিমান্ড নেয়া হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর