সরকার কাদের স্বার্থে গণপরিবহন নিয়ে ইঁদুর-বিড়াল খেলে?

সরকার গণপরিবহনের সিদ্ধান্ত নিয়ে ইঁদুর-বিড়াল খেলছে বলে মন্তব্য করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। গণপরিবহন বন্ধের সিদ্ধান্তের পর মঙ্গলবার (৬ এপ্রিল) আবারও খোলে দেওয়ার পরে গণপরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ তা না জানার প্রেক্ষিতে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, গণপরিবহন নিয়ে এক রকম ইঁদুর-বিড়াল খেলা চলছে। আজকের সিদ্ধান্তই প্রমাণ করছে এখানে চরম সমন্বয়হীনতা চলছে। কিন্তু এই সমন্বয়হীনতার জন্য আমাদের কঠিন ক্ষতিপূরণ দিতে হবে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোনো সুযোগ নেই।

সামাজিক সংগঠনের এই নেতা আরও বলেন, বাস বন্ধ করার আগে যেমন কোনো পরিকল্পনা হয়নি, চালুর সময়ও কোনো পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দেখছি না। অথচ এই কঠিন মুহূর্তে গাড়ি চালাতে হলেও একটি সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার ছিলো। এসব বাহনে স্বাস্থ্যবিধি মনিটরিংয়ের জন্য একটি শক্ত কমিটি গঠন করা দরকার ছিলো। অথচ সেখানে বিআরটিএ জানেই না। এটা করোনাকে ভয়াবহ অবস্থায় নিয়ে যেতে পারে।

এ প্রসঙ্গে ইউনিভার্সাল মেডিকেল রিসার্চ সেন্টারের পরিচালক ডা. রিদওয়ানুর রহমান বলেন, সরকার লকডাউন যে দিয়েছে এটা জান বাঁচানোর জন্য করা হচ্ছে বলে মনে হচ্ছে না। জান বাঁচানোর জন্য করলে প্রতিদিন সিদ্ধান্ত পরিবর্তন করতো না। মানুষের জান বাঁচানোর চেয়ে কতিপয় মানুষকে খুশি করাই তাদের মূল কাজ মনে হচ্ছে। এগুলো একেকটা অবৈজ্ঞানিক সিদ্ধান্ত। এগুলোই বরারর ক্ষতির মাত্রা বাড়াচ্ছে।

তিনি বলেন, লকডাউন দেওয়া মানেই বিশাল অর্থনৈতিক ক্ষতি। জাতিকে বড় ক্ষতি থেকে বাঁচাতে সরকার এইটুকু ক্ষতি মেনে নিয়েই লকডাউন দিয়েছে। এখন আবার কারো কারো প্রতি মায়া দেখানোর কোনো মানে হয় না। সরকার একের পর এক অবৈজ্ঞানিক ও অপরিকল্পিত সিদ্ধান্ত নেয়ার কারণেই করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর