আসছে ঈদে ঈশ্বরগঞ্জে ৭৩ হাজার দুস্থ পাবে নগদ অর্থ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় এ বার ৭৩ হাজার ৫৮৮ অসহায় পাবেন নগদ টাকা। ইতোমধ্যে তালিকা প্রস্তুতের জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদ গুলোতে। প্রতিবছর চাল বিতরণ করা হলেও এবার নগদ টাকা বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঈশ্বরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নে ৬৮ হাজার ৯৬৭ জন অসহায় ব্যক্তির বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কোটি ১০ লাখ ৩৫হাজার ১৫০ টাকা। একটি পৌরসভার ৪ হাজার ৬২১ জন অসহায় ব্যক্তির বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে ২০লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা। প্রতি কার্ডের বিপরীতে ৪৫০ টাকা করে বিতরণ করা হবে। গত ১ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (ভিজিডি) গিয়াসউদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয় আগামী পহেলা মে’র মধ্যে ভিজিএফের বরাদ্দের টাকা নিশ্চিত করতে হবে। দু:স্থ, অতিদরিদ্র ব্যক্তি ও পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে। এছাড়া আরো বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। ইউনিয়ন পরিষদ/পৌরসভা ভিজিএফ কমিটি প্রকাশ্যে সভায় তালিকা প্রস্তুত ও প্রত্যায়িত হবে। এবার তালিকায় ৭০ শতাংশ নারী অন্তর্ভুক্ত নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

ঈশ্বরগঞ্জের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, এবারই প্রথম চালের পরিবর্তে ভিজিএফ হিসেবে অর্থ বরাদ্দ। স্বচ্ছতার জন্য উপকারভোগীদের মূল জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে তালিকা প্রস্তুত করে উপজেলা কমিটির অনুমোদনের পর বিতরণ করা হবে।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, সরকারের শুভ উদ্যোগটি সফল করতে প্রযুক্তির ব্যবহার করে সঠিক ব্যক্তিদের হাতে টাকা বিতরণের পরিকল্পনা করা হচ্ছে।’

আরিফুল হক/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর