বিরামপুরে দেড় লাখ টাকার ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরের বিরামপুরে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ফেনসিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে র‍্যাব-১৩ ব্যাটালিয়নের ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ (দিনাজপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর উপজেলার শান্তিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৬৩ বোতল ফেনসিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দক্ষিণ দামুদরপুর গ্রামের তনছের আলীর ছেলে মাসুদ রানা (২৮) এবং অপরজন একই এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে আকরাম হোসেন (৩০)।

র‍্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। তাদের সাথে জড়িত অন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে।

র‍্যাব বাদী হয়ে মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদেরকে থানায় হস্তান্তর করেছে।

লোটাস আহম্মেদ/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর