লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নান্দাইল পৌরসভার বাজারের ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভা বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিভিন্ন ধরনের কয়েকশত ব্যবসায়ী অংশ নেয়।
প্রসঙ্গত, দেশে করোনার ঊর্ধ্বমূখী সংক্রমণ রোধে রবিবার (৪ এপ্রিল) এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
জানা গেছে, মঙ্গলবার সকালে লকডাউনের বিরুদ্ধে প্রায় কয়েকশত ব্যবসায়ী একত্রে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের ভিতরে শুরু হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক সহ পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করেছে। সমাবেশে ব্যবসায়ীরা বলেন, অবিলম্বে লকডাউন প্রত্যাহার করতে হবে। আমরা কোনো লকডাউন চাই না। এটাই আমাদের এক দফা দাবি। এর জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করতে চাই।
এসময় সেখানে উপস্থিত হন পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া। তিনি উপস্থিত ব্যবসায়ীদের বলেন, স্বাস্থ্যবিধি মেনেই কাজ করতে হবে। মুদি দোকান ও কাচা বাজার খোলা যাবে। বাকিগুলো সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।
এই বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন বলেন, সরকারের নির্দেশনা সবাইকে মানতে হবে। তারপরও ব্যবসায়ীদের যে দাবি দাওয়া আছে তা লিখিত ভাবে দিতে বলেছি। দাবিগুলো উদ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। যদি সেখান থেকে কোন নির্দেশনা আসে তখন সে মতে ব্যবস্থা নেওয়া হবে।
মজিবুর রহমান ফয়সাল/বার্তাবাজার/ভি.এস