করোনা ও উগ্রবাদ মোকাবিলা এখন সরকারের চ্যালেঞ্জ

এই মূহুর্তে সরকারের কাছে করোনা ও সাম্প্রদায়িক উগ্রবাদ মোকাবিলা এই দু’টোই প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ৩০৫ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার লিংক রোড হতে উনচি প্রাং পর্যন্ত ৫০ কিলোমিটার সম্প্রসারিত সড়কের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, এ মুহূর্তে করোনার সংক্রমণ মোকাবিলা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা প্রতিরোধ করাই হচ্ছে সরকারের চ্যালেঞ্জ। এই দুটি চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কাজের সুসমন্বয় ও দলের ঐক্য আরও সুসংহত করা জরুরি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, করোনার অবনতিশীল পরিস্থিতিতে জনগণের মধ্যে ঢিলেঢালাভাব ও উদাসীনতার বিরুদ্ধে লকডাউন নির্দেশনা কঠোরভাবে প্রতিপালন করেন সবাই। ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এ লড়াইয়ের সাহসী কান্ডারি শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।

বিএনপির সমালোচনা করেন তিনি বলেন, সবকিছুতে সরকারের ওপর দায় চাপানোর মধ্য দিয়ে বিএনপি তাদের দায়িত্বহীনতা প্রকাশ করতে চায়। বিএনপির মহাসচিব লঞ্চডুবির সঙ্গে প্রাকৃতিক দুর্যোগকে মিলিয়ে ফেলেছেন। কোনটি সরকারের দায়, কোনটি নয়, সেটিও বিবেচনায় নেওয়ার সক্ষমতা হারিয়েছে বিএনপি।

তিনি বলেন, করোনার এই দুঃসময়ে দেশ ও জাতির কল্যাণে বিএনপি কী করেছে? তা দেখলেই তাদের মিথ্যাচার আর অপরাজনীতির পাশাপাশি জনগণের প্রতি দায়িত্বহীনতা স্পষ্ট হয়ে ওঠে। ঘরে বসে লিপ-সার্ভিস দিয়েই বিএনপি নিজেদের দায়িত্ব শেষ করে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর