টাঙ্গাইলে দ্বিতীয় দিনেও ঢিলেঢালা লকডাউন

সরকার ঘোষিত লকডাউন অনেকটা ঢিলেঢালাভাবে মানছে টাঙ্গাইলের মানুষ। লোক সমাগম কিছুটা কমলেও মানা হচ্ছে না লকডাউনের নির্দেশনা। এতে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা করা হচ্ছে। জনসমাগম রোধে ও স্বাস্থ্যবিধি মানতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হলেও সাধারণ মানুষ তা মানছে না।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে লকডাউনের দ্বিতীয় দিনেও টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থান ঘুরে এ চিত্র দেখা যায়।

এদিকে টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লকডাউনের নির্দেশনা মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। শুধু সেই সময়টাতে লোকজন নির্দেশনা মানলেও কিছুক্ষণ পরেই পরিবেশ পালটে যাচ্ছে। অন্যান্য এলাকাতে স্বাভাবিক ভাবেই চলাচল করছে মানুষজন।

বাস চলাচল বন্ধ থাকলেও টাঙ্গাইল শহরজুড়ে ইজিবাইক, অটোরিকশা, মোটরসাইকেলসহ হালকা যানবাহন চলাচল করছে।

সরেজমিনে দেখা যায়, দূরপাল্লার ও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকলেও টাঙ্গাইল শহরজুড়ে অনেকটা স্বাভাবিকভাবেই প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাক, পিকআপভ্যান, ইজিবাইক, অটোরিকশা, মোটরসাইকেলসহ হালকা যানবাহন চলাচল করছে। বিশেষ করে শহরের ভেতরে ইজিবাইকের চলাচলে যানজট লেগে যাচ্ছে মাঝেমধ্যেই। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হলেও সাধারণ মানুষজন কিছুটা কমলেও আগের মতই চলাচল করছে। এতে অনেকেরই মুখে মাস্ক নেই। মানছেন না নিরাপদ শারীরিক দূরুত্বসহ স্বাস্থ্যবিধি। পার্ক বাজার, বোটতলা বাজার, ছয়আনি বাজার, আমিন বাজার, নিরালা মোড়, বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, বিপণিবিতান, শপিংমল বন্ধ রয়েছে। তবে, হালকা দোকানপাট, কাঁচাবাজার খোলা রয়েছে বিভিন্ন জায়গায়।

শহরে বাস সার্ভিস না থাকায় ইজিবাইক, মোটরসাইকেল ও অটোরিকশায় করে মানুষজন যাতায়াত করছে। লকডাউনের দ্বিতীয় দিনে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অনেকটা আগের মতই এসব চলাচল করছে। এছাড়াও সকাল থেকেই শহরের পুরাতন বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় কর্মজীবী, দিনমজুর, শ্রমিকদের ভিড় দেখা গেছে। সচেতন মহলের দাবি, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে এবং ভ্রাম্যমাণ আদালতসহ টহল জোরদার করতে হবে। নইলে করোনা সংক্রমণ আরও বাড়বে। এদিকে লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। সচেতনতামূলক প্রচারণাসহ মাস্ক বিতরণ করছেন। জেলা পুলিশও লকডাউন নির্দেশনা মানানোর চেস্টা চালিয়ে যাচ্ছেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, ‘সার্বিক বিষয় বিবেচনা করে সরকার লকডাউন ঘোষণা করেছে। সাধারণ মানুষের সাময়িক অসুবিধা হলেও তা জীবনের চেয়ে বড় নয়। প্রশাসনের পক্ষ থেকে জেলায় লকডাউন বাস্তবায়নে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর