কালবৈশাখীতে উড়ে গেছে আশাশুনির উত্তম মেকানিকের ঘর
আশাশুনির প্রতাপনগরে প্রাকৃতিক দুর্যোগ যেন থামছেই না। বছরের শুরুতেই কালবৈশাখীর ছোবলে উড়ে গেল সেই প্রতাপনগরের কর্মকার পাড়ার উত্তম মেকানিকের বসতঘর।
রবিবার (৪ এপ্রিল) সাড়ে সাতটার দিকে ঝড় উঠলে তার বসত ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। রাতে কোন রকমে অন্যের বাড়ি আশ্রয় নিতে হয়েছে। কিন্তু সকাল থেকেই তাদের খোলা আকাশের নিচে কাটাতে হচ্ছে।
গতবছর আম্ফান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে যায় তার ঘর। দীর্ঘ প্রায় ৯ মাস কপোতাক্ষের লোনা জলের জোয়ার ভাটায় থাকার পর মাসখানেক আগে কোনরকমে মাথা গোঁজার ঠাঁই করেছিল তারা।
সেই জীর্ণশীর্ণ ঘরেই কোন রকম ভাবে বসবাস করতো উত্তম কুমারের পরিবার। কিন্তু প্রকৃতি আবার বিমুখ হল। রবিবার রাতে কোন কিছু বুঝে ওঠার আগেই কাল বৈশাখী ঝড়োহাওয়ায় ঘরের চাল উড়ে যায়। ঝড়ের সময় তারা কোনরকমে দৌড়ে পাশের বাড়ি আশ্রয় নিতে পেরেছিল।
নয় মাস কর্মহীন থাকা, আম্পানের চরম ক্ষতিগ্রস্ত হওয়া সর্বশেষ লকডাউন এর শুরুতেই ঝড়ের ধাক্কা উত্তমের পরিবারের কাছে অসহনীয় হয়ে উঠেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তম পার্শ্ববর্তী লোকজনদের নিয়ে আবারও ঘরের চাল তোলার চেষ্টা করছিল। মাথা গোঁজার ব্যবস্থা করতে সরকারি সহযোগিতার জন্য আকুল আবেদন জানিয়েছে চরম ক্ষতিগ্রস্থ উত্তম কর্মকার এর পরিবারটি।
বার্তাবাজার/পি