মার্কেট খোলার দাবীতে রাজধানী জুড়ে বিক্ষোভ চলছেই

মহামারি করোনা প্রতিরোধে ৭ দিনের লকডাউন চলছে সারাদেশেই। স্বভাবতই কিছু মানুষকে সাময়িকভাবে পড়তে হচ্ছে বিপাকে। আগেরবার সাধারণ ছুটি ও বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞার ফলে অনেক মানুষ হয়ে পরেছিল কর্মহীন। এবারও তেমনই আশঙ্কা করছেন তারা।

লকডাউনে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দোকানপাট, শপিংমল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। কিন্তু সোমবার (৫ এপ্রিল) সকাল থেকেই লকডাউনে দোকান খুলে দিতে গাউছিয়া-নিউ মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা বিক্ষোভ করেছেন।

মঙ্গলবারও (৬ এপ্রিল) সকাল থেকে একই দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রাজধানীর নিউমার্কেট ও মিরপুরসহ একাধিক এলাকার ব্যবসায়ীরা।

মিরপুর-১০ নম্বর গোল চত্বরের পাশে বেলা ১১টার দিকে শতাধিক ব্যবসায়ী ব্যানার হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, লকডাউনে যেন স্বল্প পরিসরে ৬ থেকে ৮ ঘণ্টার জন্য হলেও দোকানপাট খুলে দেওয়া হয়।

অপর দিকে মার্কেট খুলে দেওয়ার দাবিতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় সড়কে নেমে বিক্ষোভ করছেন দোকান মালিক-কর্মচারীরা। পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় আজও মার্কেট খোলার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় হাজী আসহান উল্লাহ সুপার মার্কেটের সামনে ১৫ মিনিটের জন্য সড়ক অবরোধ করে দুই শতাধিক ব্যবসায়ী বিক্ষোভ ও মানববন্ধন করেন। মানববন্ধন ও বিক্ষোভ শেষে ব্যবসায়ীরা নিজ দায়িত্বে রাস্তা থেকে সরে যান। তবে এ সময় পুলিশের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর