অনুমতি না দিলে দোকান খোলার হুঁশিয়ারি মালিকদের

সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউনের দ্বিতীয় দিন চলছে আজ (মঙ্গলবার)। এদিন লকডাউনের বিরুদ্ধে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জের বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও শ্রমিকরা।

লকডাউনের সময় স্বাস্থ্যবিধি মেনে মার্কেটের দোকান খোলার দাবিতে এ মানববন্ধন করেন তারা। দোকান খোলার অনুমতি না মিললে নিজেরাই দোকান খুলবে বলে হুঁশিয়ারি দেন তারা।

মঙ্গলবার (৬ এপ্রিল) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন নগরীর বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও শ্রমিকরা। এ মানববন্ধনে তারা এ হুঁশিয়ারি দেন।

এ সময় নারায়ণগঞ্জ দোকান মালিক-শ্রমিকদের সমন্বয়ক আরিফ দিপু বলেন, আজ এই সময় আমাদের দোকানে কাজ করার কথা ছিল। আমদের সেখানে রাস্তায় নামতে হচ্ছে। বিভিন্ন গার্মেন্টস, কল-কারখানায় আর্থিক অনুদান দেওয়া হলেও আমাদের কোনো অনুদান, কোনো প্রণোদনা দেওয়া হয়নি।

তিনি বলেন, আমরা আমাদের কর্মচারীদের বেতন দিতে পারিনি। আমরা আমাদের শ্রমিকদের ভোটার কার্য পর্যন্ত জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছি। কিন্তু আমরা কোনো সাহায্য পায়নি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, দুইদিন পর যে সরকারি প্রজ্ঞাপন জারি হবে তাতে যদি দোকান খুলতে দেওয়া না হয় তাহলে আমরা নিজ দায়িত্বে সারা দেশে দোকান খুলবো।

এ মানববন্ধন শেষে প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেট ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর