কাদের মির্জার অনুসারীদের পৌরসভা থেকে বের করে দিল প্রশাসন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারীদের পৌরভবন থেকে বের করে দিয়েছে প্রশাসন।

সোমবার (৫ এপ্রিল) তাদের বসুরহাট পৌরসভা ভবনের ভেতর থেকে বের করে দেন প্রশাসনের কর্মকর্তারা।

পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগ ও কাদের মির্জার মধ্যে বিবদমান দ্বন্দ্বকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কাদের মির্জার শতাধিক অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মী পৌরসভা ভবনের তৃতীয় তলায় অবস্থান করে আসছিলেন।

সোমবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভার করালিয়া এলাকায় আবারও দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং পৌরভবনে বহিরাগতদের ভিড় বাড়তে থাকে।

এরপর সোমবার রাত ৯টার দিকে প্রশাসনের কর্মকর্তারা পৌরভবনের সামনে অবস্থান নিয়ে মির্জা কাদেরের অনুসারী বহিরাগতদের পৌরভবন ছাড়তে ৫ মিনিটের সময় বেধে দিয়ে মাইকিং করেন। পরে প্রশাসনের উপস্থিতিতে মির্জা কাদেরের অনুসারীরা পৌরভবন ছেড়ে যেতে বাধ্য হন।

অভিযানে অংশ নেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম কবির, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) মো. ফারুক, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি ও পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে করোনাকালীন সময়ে শতাধিক বহিরাগত একসঙ্গে পৌরভবনে অবস্থান করায় তাদের সেখান থেকে বের করে দেওয়া হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর