সারাদেশে সরকার ঘোষিত ৭ দিনের লকডাউন চলছে। আজ লকডাউনের দ্বিতীয় দিন। গণপরিবহন বন্ধ থাকায় প্রথম দিনের মত আজও ভোগান্তিতে পড়েছে অফিসগামী যাত্রীরা।
রাজধানীজুড়েই অফিসগামী মানুষের দুর্বিষহ ভোগান্তি চোখে পড়ে। রিকশা, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলে করে অফিসে যেতে দেখা গেছে তাদের। এক্ষেত্রে তাদের বাড়তি ভাড়াও গুণতে হয়েছে।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শামসুর রহমান বলেন, সরকার অফিস খোলা রেখেই লকডাউন ঘোষণা করেছে। এভাবে কি মানুষকে করোনা থেকে সচেতন করা যায়?
তিনি আরও বলেন, সোমবার বিকেল ৫টায় আমার অফিস ছুটি হয়েছে। কিছুটা পথ রিকশায়, কিছুটা পথ অটোরিকশায় আবার পায়ে হেঁটে বাসায় পৌঁছেছি রাত ৯টায়। রিকশা, অটোরিকশা চালক যেভাবে পারছে ভাড়া নিয়েছে।
মিরপুর থেকে সাভার যাবেন রাফিকুল ইসলাম শান্ত। তিনি জানান, অনেকক্ষণ অপেক্ষার পর কোনো পরিবহন না পেয়ে রিকশাযোগে যাত্রা শুরু করেন তিনি।
তিনি বলেন, যেখানে ভাড়া ১০০ টাকা সেখানে দিতে হচ্ছে ১৫০ টাকা। যে যেভাবে পারছে সেভাবে বাড়তি ভাড়া নিচ্ছে। আমাদের এই সমস্যা কে দেখবে?
বার্তাবাজার/নব