টাঙ্গাইলের কালিহাতীতে সেফটিক ট্যাঙ্কি থেকে চাঁন মিয়া (৩৫) নামের এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে উপজেলার বাঁশি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কালিহাতী থানার এসআই সিদ্দিক হোসেন বার্তা বাজারকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁন মিয়া উপজেলার বাঁশি এলাকার মনতা মিয়ার ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
চাঁন মিয়ার স্বজনরা জানান, গত শনিবার (৩ এপ্রিল) থেকে চাঁন মিয়া নিখোঁজ ছিলেন। এ বিষয়ে সোমবার (৫ এপ্রিল) রাতে কালিহাতী থানায় সাধারণ ডায়েরি করা হয়।
স্থানীয় কাউন্সিলর মুক্তার আলী বার্তা বাজারকে জানান, সকালে পুলিশ লাশ উদ্ধারের সময় চাঁন মিয়ার স্ত্রী রেজিয়া বেগমকে জিজ্ঞাসাবাদ করে। ওই গৃহবধুর দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছুরি, রক্তমাখা বালিশ ও লেপ ঘরের সিঁড়ি থেকে উদ্ধার করে আলামত হিসেবে থানায় নিয়ে গেছে পুলিশ।
তিনি বলেন, সব মিলে মনে হচ্ছে ওই গৃহবধূর পরকীয়ার জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
হাসান সিকদার/বার্তাবাজার/পি