ঘরে ঢুকে মাকে বেঁধে চুরি হওয়া শিশু উদ্ধার, গ্রেফতার ৩
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গভীররাতে সিঁধ কেটে ঘরে ঢুকে মাকে বেঁধে চুরি করা শিশুটি উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) ভোরে দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রাম থেকে পুলিশ বুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই) ও সখীপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সেই চুরি হওয়া শিশুটিকে উদ্ধার করেছে।
পিবিআই টাঙ্গাইলের এসআই মেহাম্মদ আশরাফ উদ্দিন খান এ বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছেন।
এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শিশুটি বর্তমানে টাঙ্গাইলে পিবিআই’র হেফাজতে রয়েছে।
এসআই মেহাম্মদ আশরাফ উদ্দিন খান জানান, সখীপুর থানা পুলিশ ও পিবিআই যৌথভাবে সোমবার (৫ এপ্রিল) রাত ১০ থেকে অভিযান শুরু করে।
মঙ্গলবার (৬ এপ্রিল) ভোরে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটিকে বিক্রি করার জন্য তারা জাঙ্গালিয়া গ্রামে নিয়ে রেখেছিল। এখন শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান। এ ঘটনায় কালিহাতী উপজেলার হাবলা গ্রামের পরান ডাকাত ও তার স্ত্রীসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (৩১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে সখীপুর উপজেলার শোলাপ্রতিমা গ্রামের আছির উদ্দিনের ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা তার স্ত্রী কল্পনা আক্তারের মুখ বেঁধে আড়াই মাসের শিশু জুনায়েদকে চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার (১ এপ্রিল) কল্পনা আক্তার বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন।
হাসান সিকদার/বার্তাবাজার/পি