নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সমাজকর্ম বিভাগের এক শিক্ষার্থী করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন। করোনা উপসর্গ জ্বর এবং শ্বাসকষ্টে আক্রান্ত থেকেই নিজ বাসগৃহে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
৫ এপ্রিল (সোমবার) বেলা ১১ টা রিমা আক্তার নামে সমাজকর্ম বিভাগের ২০১৯ -২০ সেশনের ওই শিক্ষার্থী মারা যান। মৃতের সহপাঠী ও পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।
রিমা আক্তারের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় জেলার নবীনগর উপজেলায়। বেশকিছুদিন যাবত অসুস্থতায় ভুগতেছিলেন ওই শিক্ষার্থী। শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত করোনা উপসর্গ জ্বর এবং শ্বাসকষ্ট জনিত সমস্যায় আক্রান্ত ছিলেন বলে পরিবার সূত্র জানিয়েছে।
মৃত শিক্ষার্থীর সহপাঠী নোবিপ্রবি সমাজকর্ম বিভাগের ২০১৯ – ২০ সেশনের শিক্ষার্থী মিরাজ আহমেদ সাকিন বলেন, “আমাদের বান্ধবী রিমা আক্তারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সে শান্ত এবং লাজুক স্বভাবের একজন মেয়ে ছিলো যাকে সবাই পছন্দ করতো। এই শূন্যস্থান পূরন করা সম্ভব নয়। আল্লাহ ওকে বেহেশত নসিব করুক।”
তার এই মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা শোক প্রকাশ করেছে। তার শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া চেয়েছেন সহপাঠীরা।
শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেন নোবিপ্রবি সমাজকর্ম বিভাগের শিক্ষক শেখ মারুফা নাবিলা। তিনি বলেন,”আমরা নোবিপ্রবি সমাজকর্ম পরিবার শোকাহত। শিক্ষার্থীর এমন মৃত্যু মেনে নেয়া আমাদের জন্য অত্যন্ত কষ্টের। বিশ্ববিদ্যালয় পরিবারের আর কাউকে আমরা এভাবে হারাতে চাই না। নোবিপ্রবি পরিবারের সবাই আরো সচেতন থাকবেন এবং সুস্থ থাকবেন এটাই প্রত্যাশা।”
মোঃ ফাহাদ হোসেন/বার্তাবাজার/ভি.এস