করোনার সময় মাতৃত্বকালীন ছুটি এক বছরের জন্য আইনি নোটিশ

প্রাণঘাতী করোনাকালে বেসরকারি ও সরকারি কর্মজীবী নারীদেরকে ছয় মাস থেকে বাড়িয়ে এক বছর মাতৃত্বকালীন ছুটি দেওয়ার জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) আইনজীবী শাম্মী আক্তারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খাঁন (রবিন) মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, আইন বিচার ও সংসদবিষয়ক সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবরে এ নোটিশ পাঠান।

নোটিশ প্রদানকারী আইনজীবী বলেন, সরকার ইতোপূর্বে বাংলাদেশ সার্ভিস রুল (পার্ট-১) এর ১৯৭ (১) সংশোধনক্রমে সরকারি কর্মজীবী নারীদের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি ৪ (চার) মাসের পরিবর্তে ৬ (ছয়) মাস করলেও বর্তমান পরিস্থিতিতে তা অত্যন্ত অপ্রতুল। কারণ, গর্ভবতী মা এই ভাইরাসে আক্রান্ত হলে তার গর্ভের সন্তানসহ পরিবারের সবাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা বিদ্যমান থাকে। এতে একটি পরিবার পুরোপুরি হুমকির সম্মুখীন হয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে এ নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে করোনাকালীন সরকারি ও বেসরকারি কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি ৬ (ছয়) মাসের পরিবর্তে এক বছর করাসহ মাতৃত্বকালীন ছুটির বিষয়ে সরকারি ও বেসরকারি কর্মজীবী নারীদের মধ্যে বৈষম্য অবসানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

ব্যত্যয় হলে এ বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর