বন্ধু’র মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন ময়মনসিংহের কনিক ও মুসা

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনযাপন, নানা সমস্যা এবং সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য বিভাগীয় মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছেন চ্যানেল টুয়েন্টি ফোর-এর ময়মনসিংহ ব্যুরো প্রধান সুলতান মাহমুদ কনিক এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও যায়যায়দিনের ময়মনসিংহ প্রতিনিধি আবু সালেহ মো. মুসা।

সোমবার (৫ এপ্রিল) সকালে অনলাইন কনফারেন্সের মাধ্যমে অ্যাওয়ার্ড ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মঞ্জুরুল আহসান বুলবুল।

ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং স্বীকৃতির বিষয়ে গঠনমূলক সংবাদ পরিবেশনার জন্য ঢাকা ছাড়া দেশের সাতটি বিভাগ থেকে মোট ১৬জনকে বিভাগীয় মিডিয়া ফেলোশিপ ২০২০ প্রদান করা হয়। সেখানে ময়মনসিংহ বিভাগ থেকে অ্যাওয়ার্ড পান চ্যানেল টুয়েন্টি ফোর-এর ময়মনসিংহ ব্যুরো প্রধান সুলতান মাহমুদ কনিক এবং ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও যায়যায়দিন পত্রিকার রিপোর্টার আবু সালেহ মুসা। তারা দুজনেই হিজড়া জনগোষ্ঠীকে নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রচার ও প্রকাশ করেন।

ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় ২০১৭ সাল থেকে বিভাগীয় পর্যায়ে মিডিয়া ফেলোশিপ দেয়া হচ্ছে। এছাড়া ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর আত্ম-স্বীকৃতি ও সচেতনতা তৈরিতে গণমাধ্যমকে যুক্ত করার লক্ষ্যে ২০১১ সাল কেন্দ্রীয়ভাবে মিডিয়া ফেলোশিপ প্রদান করছে ‘বন্ধু’।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ট্রান্সজেন্টার ও হিজড়া জনগোষ্ঠীর ব্যাপারে মিডিয়ার অনেকেই যথেষ্ট ধারণা রাখেন না। এই ফেলোশিপ প্রকল্পের মাধ্যমে একটি প্রশিক্ষিত দল তৈরি হচ্ছে যারা ভবিষ্যতে এই জনগোষ্ঠীর উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

যে কোনো বিষয়ে পরিবর্তন রাতারাতি সম্ভব না উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমকে আরো বেশি সম্পৃক্ত করা গেলে পরিস্থিতি পরিবর্তন আরো দ্রুততর হবে।

ইউএসএআইডি’র ডেমোক্রেসি এবং গভার্মেন্ট অফিসের টিম লিড স্লাভিচা রেডোসিভিচ, পুলিশের মিডিয়া এবং পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম, বন্ধু’র নির্বাহী পরিচালক সালেহ আহমেদ, ট্রান্সজেন্টার ও হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিসহ বন্ধু’র মিডিয়া ফেলোরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর