সাতক্ষীরায় জেলা প্রশাসনের অভিযানে লকডাউনের প্রথম দিনে দেড় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল ২০২১) লকডাউন নিশ্চিত করার লক্ষে সাতক্ষীরার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল’র নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতিতে জেলা সদর ও উপজেলায় সর্বসাধারণকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি অনুসরণ, সামাজিক দূরত্ব বজায় ও গণপরিবহণসহ ব্যবসা প্রতিষ্ঠান (জরুরী পরিসেবা ব্যতীত) বন্ধ রাখার বিষয় তদারকির নিমিত্তে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। অভিযান কালে ১২ টি মোবাইল কোর্টের অভিযানে ৭২ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে এক লক্ষ ছাপ্পান্ন হাজার আটশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া ২৯ মার্চ ২০২১ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনের পর থেকে আজ পর্যন্ত পরিচালিত মোট ৪৩ টি মোবাইল কোর্ট অভিযানে ৩০৮ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে তিন লক্ষ তেত্রিশ হাজার চারশত টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে।
এছাড়া সকল ধরণের গণপরিবহন বাস, ট্রাক (জরুরি পণ্যবাহী ব্যতীত), ইজি বাইক, মাহেন্দ্র সিএনজি, ভ্যান সরকার নির্ধারিত পরবর্তী সাত (৭) দিনের জন্য বন্ধ থাকবে। এছাড়া লকডাউন ভঙ্গ করলে এবং শর্তাধীন কার্যক্রমকালে স্বাস্থ্য বিধি না মানলে বা শর্ত ভঙ্গ করলে মোবাইল কোর্টে কঠোর শাস্তির ব্যাবস্থা করা হবে। এতে জরিমানা সর্বনিম্ন ৫ হাজার টাকা এবং জেল সর্বনিম্ন ১ মাস হতে পারে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল।
মীর খায়রুল আলম/বার্তাবাজার/ভি.এস