রাজধানী ঢাকার কেরানীগঞ্জে করোনা সংক্রমণ রোধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।
সোমাবর (৫ এপ্রিল) লকডাউনের প্রথম দিনে উপজেলার কদমতলী, ইস্পাহানী, চুনকুটিয়া, আগানগর এলাকায় সরকারের নির্দেশনা অমান্যকারী ১০টি দোকানসহ বিভিন্ন ব্যক্তিদের ১৩ টি মামলায় ১৫ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকান ও মার্কেট বন্ধ করা হয়। পাশাপাশি ১০০টি মাস্ক বিতরণ করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন এর নেতৃত্বে উপজেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে অভিযান পরিচালনাকালে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।
অপরদিকে একই সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল এর নেতৃত্বে উপজেলার কদমতলীর লায়ন্স মার্কেট, জিনজিরা, রাজাবাড়ি ও রোহিতপুর বোডিং মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ০৩ টি দোকানসহ বিভিন্ন ব্যক্তিদের জরিমানা করা হয় এবং দোকান ও মার্কেট বন্ধ করা হয়। পাশাপাশি মাস্ক ব্যবহারে নির্দেশনাসহ মাস্ক বিতরণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল বলেন, লকডাউন বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সরকারি নির্দেশনা বাস্তবায়নে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
রানা আহমেদ/বার্তাবাজার/ভি.এস