সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে হাফিজুল নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার (৫ এপ্রিল) সকালে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া ব্রিজ টোল এলাকার বাদশা হাওলাদার এর ছেলে নিহত হাফিজুল ইসলাম (২৮) এর মরদেহ উদ্ধার করা হয়। গত দুই মাস আগে হাফিজুল তার স্ত্রী লামিয়াকে আনুষ্ঠানিকভাবে তুলে আনেন। যে ঘরে তিনি আত্মহত্যা করেন সে ঘরে এখনও তার বাসর সাজানো রয়েছে বলে জানা যায়।

জানা যায়, হাফিজুল’কে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তার স্বজনরা। পরে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন। গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন হাফিজুল। এর আগে হাফিজুল একটি সুইসাইড নোট লিখে রেখে যান।

সুইসাইড নোটে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া তার মরদেহটি যাতে ময়নাতদন্ত না করা হয়, সে জন্যও অনুরোধ করেন। তার কাছে চারজন লোক ৮১ হাজার টাকা পাবে, যা তার ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রি করে পরিশোধ করতে বাবার প্রতি অনুরোধ রেখে যান। পরিবারের সবার কাছে তিনি ক্ষমা চেয়েছেন ওই সুইসাইড নোটে।

হাফিজুলের বোন সুমাইয়া আক্তার জানান, ভাইয়ার ওপরে জিনভুতের আছর রয়েছে। গত কয়েক দিন ধরে সে কেমন যেন উদাসীনতায় ভুগছিলেন।

তবে স্থানীয় একটি সূত্রে জানাযায়, হাফিজুল ক্রিকেট জুয়া খেলে অনেক টাকা দেনা হয়ে গিয়েছিল। তাই দেনার টাকা পরিশোধ করতে না পারায় আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন, হাফিজুল নামে এক যুবক মারা গেছে বলে শুনেছি। তার পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। সেখানে তিনি মারা গেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিচ্ছি।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর