নিজের চেহারা পরিবর্তন করতে চেয়েছিল বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারী

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের হরতাল চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজবর রহমানের ম্যুরালে ভাঙচুর চালানো যুবককে গ্রেফতারে সমর্থ হয়েছে র‍্যাব। তিনি নাসিরনগর উপজেলার ফুলকাকান্দি গ্রামের শুকুর আলীর ছেলে আরমান আলিফ (২২)। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়্য তিনি ভাড়া বাসায় বসবাস করতেন।

সোমবার (৫ এপ্রিল) বিকাল ৩টার দিকে আরমানকে হাজির করা হয় প্রেসক্লাবে। তখন র‍্যাব জানায়, আত্মরক্ষার্থে ভাংচুরের পরদিনই চুল, দাঁড়ি কেটে ফেলে আরমান। তবে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাকে গ্রেপ্তারে সক্ষম হয়। তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যুরাল ভাঙ্গার শাবল, মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ বিষয়ে র‍্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত জানান, ভিডিও ও স্থিরচিত্র দেখে গত ৩ এপ্রিল থেকে তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। ৪ এপ্রিল রাত ৯টার দিকে তাকে বিশ্বরোড মোড় থেকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া স্বীকারোক্তি মতে, কাজীপাড়ার বাসা থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও হামলায় ব্যবহৃত শাবল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আলিফ মাদ্রাসার ছাত্র কি না তা জানার চেষ্টা চলছে। একইসাথে জানার চেষ্টা চলছে তিনি কোনো দলের হয়ে কাজ করেন কি না।

উল্লেখ্য, ২৮ মার্চ হেফাজতের হরতাল চলাকালে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর