চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে ফারুক হোসেন নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বকচর সীমান্তে তার মরদেহ পাওয়া যায়। ফারুক হোসেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাঢ়িয়াদহ এলাকার সুরুজ আলীর ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আমীর হোসেন মোল্লা বলেন, বকচর সীমান্তের শূন্যরেখা থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফারুকের মরদেহ পড়েছিল। সকালে টহলরত বিজিবি সদস্য মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহের শরীরে গুলির কোনো চিহ্ন ছিল না। তারপরও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মরদেহ উদ্ধারের ব্যাপারে জানানো হয়। বকচর সীমান্তে কোনো গুলি বা কাউকে নির্যাতন করা হয়নি বলে জানিয়েছে বিএসএফ।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ফারুকের মরদেহের ময়নাতদন্তের পরই হত্যার প্রকৃত কারণ জানা যাবে।
বার্তাবাজার/নব