পোশাক শ্রমিক রেশমার চিকিৎসায় জেলা প্রশাসকের আর্থিক সহায়তা
এসিডদগ্ধ পোশাক শ্রমিক রেশমা আক্তারের উন্নত চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোঃ আবু জাফর।
উন্নত চিকিৎসার অভাবে লালমনিরহাট সদর হাসপাতালে কাতরাচ্ছে পোশাক শ্রমিক রেশমা আক্তার। পরিবারের আর্থিক অভাবের দরুন তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে খবরের কাগজে সাহায্যের আবেদন চেয়ে খবর ছাপা হলে, উন্নত চিকিৎসার জন্য এককালীন ১০,০০০ টাকার চেক প্রদান করেন।
সোমবার (৫ এপ্রিল) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে রেশমার উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক রেশমার বাবা সোলায়মানের হাতে তুলে দেন জেলা প্রশাসক আবু জাফর।
বর্তমানে রেশমা লালমনিরহাট সদর হাসপাতালের বিছানায় উন্নত চিকিৎসার অভাবে কাতরাচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার প্রয়োজন মনে করছে তার পরিবার। কিন্তু আর্থিক অভাবের কারণে রংপুরে চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না।
রেশমা এর আগে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
উল্লেখ্য যে, মেহেদী হাসান (১৯) নামের এক বখাটে ২০ মার্চ রাত সাড়ে ০৮ টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শাসনগাঁও এলাকায় গার্মেন্টস থেকে ফেরার পথে এসিড জাতীয় দাহ্য পদার্থ নিক্ষেপ করে। তখন রেশমার সাথে তার বান্ধবী স্বপ্না (১৮) এসিড দগ্ধ হন। পরে, স্থানীয় বাসিন্দারা দুই তরুণীকে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে, লালমনিরহাটের জেলা প্রশাসক মোঃ আবু জাফর সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও সহ সমাজের বিত্তবানদের প্রতি রেশমার উন্নত চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়াতে বলেন।
মোঃ বাদশা মিয়া/বার্তাবাজার/পি