সাভারে মানা হচ্ছে না লকডাউন, সামাজিক দূরত্বও বজায় রাখেনি কেউ
সপ্তাহব্যাপী লকডাউন শুরুর প্রথম দিনে সকাল থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অন্যান্য স্বাভাবিক দিনের মতোই মানুষের ভিড় দেখা গেছে সাভারের রাস্তাঘাটে। কলকারখানা খোলা থাকায় শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় লকডাউনের প্রভাব পড়েনি বললেই চলে। সরেজমিন সাভার বাজার বাসষ্ট্যান্ড থেকে শুরু করে আশুলিয়ার বাইপাইল এলাকা ঘুরে দেখা গেছে, সামাজিক দূরত্ব বজায় রাখেনি কেউ।
সকাল থেকেই গাদাগাদি করে বাসে উঠেছেন শিল্প কারখানার শ্রমিকরা। তবে তৈরি পোশাক শ্রমিকদের অনেকে পায়ে হেঁটে, অনেকে রিক্সা, ভ্যান কিংবা অটোতে গাদাগাদি করে বসে রওনা হয়েছেন কর্মস্থলের উদ্দেশ্যে।
এছাড়া সড়কে বিভিন্ন ধরনের যানবাহনের আধিক্য থাকলেও গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় বিপাকে পড়েছেন কর্মস্থলমুখী অসংখ্য যাত্রী। এজন্য মহাসড়কে থ্রি-হুইলারে সকলকে গাদাগাদি করে চলতে দেখা গেছে। হাইওয়ে পুলিশের এবং ট্রাফিক পুলিশ মহাসড়কে থাকলেও ইঞ্জিননচালিত ভ্যান ও অটো রিক্সা অবাধে মহাসড়ক দিয়ে চলাচল করেছে।
এছাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে যেকোন অপ্রতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকলেও সামাজিক দূরত্ব বজায় রাখারও বালাই ছিল না কোথাও।
এদিকে, দুপুর ২ঘটিকার দিকে সাভার রাজস সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ সাভার নিউমার্কেট এলাকায় গণপরিবহনে ও শপিং মল গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন।
তবে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৈরি পোশাক শ্রমিকদের অনেকেই।
বার্তাবাজার/পি