প্রধানমন্ত্রীর বক্তব্যে ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়েছে: কাদের
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তাতে ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘হেফাজত নেতার নৈতিক অবনমনের বিষয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা তথ্যনির্ভর এবং প্রকৃত সত্য উদঘাটন। প্রধানমন্ত্রীর বক্তব্যে ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়েছে।’
সোমবার (৫ এপ্রিল) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে এসব কথা বলেন।
কাদের বলেন, ‘এমন লজ্জাজনক ঘটনার পর দেশের জনগণ ভেবেছে তথাকথিত নেতারা জনসম্মুখে ক্ষমা চাইবেন। কিন্তু তা না, দেখা যাচ্ছে চোরের মায়ের বড় গলা।’
তিনি বলেন, ‘তাদের একজন নেতার সোনারগাঁওর একটি রিসোর্টে অনৈতিক ঘটনার পর তাদের ফোনালাপসহ অন্যান্য বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এবং একজন সুন্দরী নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দেয়া এখন আর গোপন নয়।
এসব অনৈতিক ঘটনার সমর্থনে দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের যে তাণ্ডবলীলা চলছে, তাতে এই উগ্র- সাম্প্রদায়িক, গোষ্ঠীর স্বরূপ উন্মোচিত হয়েছে।’
ধর্মীয় এই অপশক্তিকে প্রতিহত ও পরাজিত করার জন্য মুক্তিযুদ্ধের সকল দেশপ্রেমিক জনগণকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বার্তাবাজার/নব