“গাড়ির সিট খুলি নেইল, হামরা এল্যা কেমন করি চলমো”

“ভাড়া ধরি আনলং, গাড়ির সিট খুলি নেইল, হামাক তো কয় নাই লকডাউনের কথা,হামরা এল্যা কেমন করি চলমো ” ক্ষোভের কন্ঠে কথা গুলো বলছিলেন ৪৫ বছরের রিক্সাচালক জোবেদ আলী।

তিনি আরো জানান, সরকার আজ থেকে লকডাউন দিয়েছে আমরা শুনিনি। অটোরিক্সা চলছে, জিএস চলছে পুলিশ তাদের না আটকিয়ে আমাদের রিক্সার সিটগুলো খুলে থানায় নিয়ে গেলো। আমরা পথে বসে গেলাম।

জোবেদ আলীর মতো আরেক রিক্মাচালক মোজাম্মেল হক বলেন,”শহরে রিক্সা নিয়ে প্রবেশ করতে পুলিশ আটকায় নাই,যাত্রী নিয়ে যাওয়ার সময় পুলিশ যাত্রী নামিয়ে সিট খুলে রেখে দিছে। আমাদের মতো গরিব মানুষের কি হবে ভাই ?”

রঞ্জু মিয়া নামের আরেক রিক্সাচালক বলেন,”আমাদের সিট খুলে না নিয়ে, আমাদের বাড়ি পাঠিয়ে দিতে পারতো। সন্ধায় সিট দেবে তারা,এখন আমাদের সিটের জন্য সারাদিন বসে থাকতে হবে। ”

সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশের মতো কুড়িগ্রামে চলছে লকডাউন। লকডাউনের প্রথম দিন সোমবার(৫ এপ্রিল) শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে শহরের দোকান,রেস্টুরেন্ট এবং মার্কেটগুলো বন্ধ থাকলেও কিছু কিছু যাত্রীবাহী দুরপাল্লার বাস শহরে প্রবেশ করছে।

পাশাপাশি জিএস,ট্রাক্টর,অটোরিক্সা এবং প্রাইভেট গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করছে। কাঁচা বাজারগুলো খোলা জায়গায় চালুর কথা থাকলেও বাজারগুলো পূর্বের মতো বাজারের নির্দিষ্ট জায়গায় রয়েছে। এছাড়াও ঔষধের দোকান,ফ্লেক্সিলোডের দোকান,গালামালের নিত্য প্রয়োজনীয় দোকানগুলো খোলা রয়েছে। জেলা সদরের কলেজ মোড়ে সাধারণ রিক্সাওয়ালাদের থামিয়ে সিট কভার খুলে নেয়ায় প্রতিবাদও দেখা গেছে।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান,লকডাউনের ভিতরে গনপরিবহন বন্ধ থাকবে এমন নির্দেশনা পেয়েছি আমরা ।বার বার মাইকিং করার পরও লোকজন কথা শুনছেন না। তাই রিক্সাগুলোর সিট খুলে নেয়া হয়েছে। লকডাউনের পর এসব সিট ফেরত দেয়া হবে। ”

এদিকে লকডাউনে সরকারি নির্দেশনা মানাতে স্থানীয় প্রশাসন টহল জোরদারের পাশাপাশি জনসাধারণকে সচেতন করতে ব্যাপক প্রচারণাও দেখা গেছে।

লকডাউন কার্যকরে প্রশাসন কতটা তৎপর এ বিষয়ে জানার জন্য জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিং এ ব্যস্ত থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সুজন মোহন্ত/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর