সবকিছু খোলা রেখে বন্ধ গণপরিবহন, ভোগান্তিতে অফিস যাত্রীরা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত ৭ দিনের লকডাউন সোমবার (৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে। লকডাউনে সীমিত পরিসরে সবই খোলা রাখা হয়েছে। কিন্তু বন্ধ রয়েছে গণপরিবহন।

তবে ব্যক্তিগত পরিবহন, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করছে। রাজধানীজুড়েই অফিসগামী মানুষের দুর্বিষহ ভোগান্তি চোখে পড়ে। রিকশা বা সিএনজি অটোরিকশায় করে অফিসে যেতে দেখা গেছে তাদের।

মিরপুর থেকে মোহাম্মদপুরে যাবেন মোহাম্মদ আক্কাস হোসেন। তিনি বলেন, লকডাউনের কারণে রাস্তায় বাস চলছে না। অন্যদিকে আমার অফিস বন্ধ দেয়নি। অফিস থেকে পরিবহনের ব্যবস্থাও করেনি। তাই কষ্ট করে কিছুটা হেঁটে ও রিকশায় যাচ্ছি। এমন করে আরো কতোদিন যেতে হবে সেটা আল্লাহ ভালো জানেন।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা তানভীর পারভেজ বলেন, সবকিছু খুলে রেখে কিসের লকডাউন? অফিস খোলা, কিন্তু রাস্তায় কোনো বাস নেই। আপনিই বলেন, শান্তিবাগ থেকে কীভাবে আমি আগারগাঁও যাবো?

অপর যাত্রী ইউসুফ হোসেন বলেন, অনেকক্ষণ ধরেসিএনজির জন্য দাঁড়িয়ে আছি কিন্তু পাচ্ছিনা। আবার যা পাচ্ছি তাতে ভাড়া চাচ্ছে তিনগুণ। এমন অবস্থা যেন আমরা তাদের কাছে জিম্মি হয়ে আছি।

দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় রোববার (৪ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করে সোমবার সকাল ৬টা থেকে আগামী রোববার (১১ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত দ্বিতীয় দফায় সারাদেশে লকডাউন ঘোষণা করে সরকার।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর