কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় হালিমা পারভীন (২৬) নামে এক গৃহবধু ও তার দেড় বছরের মেয়ে আফসানা নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার রাতে উপজেলার বানা ইউনিয়নের টাবনি ঘোষবাড়ি শ্বশানের সামনে এ ঘটনা ঘটে।
সে উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাঁকুড়িয়া গ্রামের মো. কাবিল মোল্যার ছোট মেয়ে ও পাশের মধুখালী উপজেলার কোড়কদী গ্রামের গাড়ী চালক জাহিদুল ইসলামের স্ত্রী।
এলাকাসূত্রে জানা গেছে, লকডাউনের ঘোষণার কারণে ঢাকা থেকে বাবার বাড়িতে হালিমা পারভীন ও তার ছোট মেয়ে আফসানা আসতেছিলেন। বাস থেকে নেমে বোয়ালমারী হয়ে ভ্যানযোগে তারা আলফাডাঙ্গা উপজেলার পাঁকুড়িয়া গ্রামে বাবার বাড়িতে যাচ্ছিল। উপজেলার বানা ইউনিয়নের টাবনি ঘোষবাড়ি শ্বশানের নিকট পৌঁছালে হঠাৎ কালবৈশাখীর ঝড়ে সজনে গাছ ভেঙ্গে তাদের মাথার ওপর চাপা পড়ে। দ্রুত ভ্যানচালক হাসান হালিমা ও মেয়েকে নিয়ে টাবনি বাজারে আসলে সেখানে গ্রামডাক্তার ওবায়দুর রহমান হালিমাকে মৃত ঘোষণা করেন।
পরে স্থানীয়রা শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ঝড়ের মধ্যে মোটরসাইকেল যোগে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. রাফেজা খানম মিলি জানান, হাসপাতালে আসার আগেই শিশু আফসানার মৃত্যু হয়েছে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি