বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে বিশু মিয়া(২৭) নামের এক প্রাক্তন শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন করেছে দূর্বৃত্তরা। রোববার (৪ এপ্রিল) রাত পৌনে ৯ টার দিকে কলেজের বিজ্ঞান ভবনের পিছনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বিশু জেলার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে। তিনি আজিজুল হক কলেজের ২০১৬-১৭ বর্ষের একাউন্টিং বিভাগ থেকে মাস্টার্স পাশ করেছেন এবং শহরের জামিলগর এলাকায় একটি ছাত্রাবাসে থেকে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
নিহতের ছোট বোন জাহানারা খাতুন বার্তাবাজারকে জানান, তার ভাই বাড়ি থেকে ৪ হাজার টাকা নিয়ে তার ছাত্রবাসের এসেছিল। রাত সাড়ে ৮টার দিকে তার ভাইয়ের সাথে মোবাইলে সর্বশেষ কথা হয়। এসময় তার ভাই তাকে জানায়, সে মুন হলের সামনে আছে। ছাত্রাবাসে যেয়ে তাকে মোবাইলে কল করে জানাবে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বার্তাবাজারকে জানান, নিহতের বুকের পাশে ছুরিকাঘাত করা হয়েছে। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি।হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।#
খালিদ হাসান/বার্তাবাজার/ভি.এস