লঞ্চডুবি: ঝড়ের কারণে উদ্ধার অভিযান চালানো যাচ্ছে না

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রাবিতা আল হাসান নামের ডুবে যাওয়া লঞ্চটিতে নিখোঁজ যাত্রীদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার কারণে সম্ভব হচ্ছে না উদ্ধার কাজ চালানো।

রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকার ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এরপর রাত সাড়ে ৮টার দিকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তবে তার নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

উদ্ধার অভিযান প্রসঙ্গে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, রাত সাড়ে ৮টার দিকে আমরা এক নারীর মরদেহ উদ্ধার করতে পেরেছি। প্রচণ্ড বাতাস ও ঝড়ের পাশাপাশি বৃষ্টির কারণে পুরোদমে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, আবহাওয়া এতটাই প্রতিকূলে যে উদ্ধারকারী যানগুলো পাশে দাঁড়াতেই পারছে না। আমাদের তিনটি টিম কাজ করছে। আবহাওয়া একটু অনুকূলে এলেই দ্রুত উদ্ধার অভিযান শুরু হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর