ঝড়ে লণ্ডভণ্ড বইমেলা, ব্যাপক ক্ষতির আশঙ্কা

কালবৈশাখী ঝড়ের আচমকা দাপটে লণ্ডভণ্ড হয়ে গেছে অমুর একুশে বইমেলা। রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় এই ঝড় হয় রাজধানীতে। এখনও সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত বইমেলায় পাঠক এবং লেখক-প্রকাশকরা ছিলেন।

এসময় ঝড়ের তীব্রতা বাড়তে শুরু করলে পাঠকদের অনেককে নিরাপদ জায়গায় অবস্থান নিতে দেখা যায়। আর স্টলের কর্মীদের ঝড়ের কবল থেকে বই রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে দেখা যায়।

সরজিমনে দেখা যায়, হঠাৎ দমকা হাওয়ায় এলোমেলো হয়ে যায় বইমেলার চেনার রূপ। এসময় বেশ কয়েকটি স্টল আংশিকভাবে ভেঙে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয়। এসব স্টল এর মধ্যে রয়েছে বেহুলা বাংলা, বাবুই প্রকাশনি, আদিত্য অনীক প্রকাশনী। এছাড়াও বেশ কিছু স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু প্যাভিলিয়নের নামফলকও ভেঙে পড়েছে।

টাঙ্গন প্রকাশনীর প্রকাশক অজয় কুমার রায় বলেন, হঠাৎ দমকা হাওয়ায় বিভিন্ন স্টল এর বেশ কিছু ক্ষতি হয়েছে। এছাড়া রাতে বৃষ্টি হলে বই ভিজে যাওয়াসহ আরও ক্ষতির আশঙ্কা করছি। এমনিতেই করোনার জন্য এবার মেলা ভিন্ন একটা পর্যায়ে পৌঁছেছে। এমন সময় প্রাকৃতিক দুর্যোগ আসলে এই ক্ষতি পুষিয়ে উঠতে আসলেই প্রকাশকদের বেগ পেতে হবে।

আদিত্য অনীক প্রকাশনীর এক বিক্রয় কর্মী জানান, ঝড়ো হাওয়ায় স্টলের নাম ফলক খসে পড়েছে। বেশ কিছু বই ছড়িয়ে ছিটিয়ে গেছে। বৃষ্টিতে ভিজে যাওয়ায় এই ক্ষতি আরও বাড়বে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর