জামালপুরে পরকিয়ার জেরে একজনকে হত্যার দায়ে মা ও মেয়েসহ তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন মোছা: জান্নাতুল ফেরদৌস শাপলা তার মা মোছা: সুফিয়া আক্তার রিনা ও মো: এহসান আহাম্মেদ সোহাগ।
আজ দুপুরে রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, পরকিয়ার জেরে ২০১৩ সালের ৮ মে সকালে জামালপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আ:বারী সরকারের ছেলে মিজানুর রহমান মজনুকে হত্যা করে পার্শবর্তী ডেংগারগড় গ্রামের একটি পতিত জমিতে ফেলে রাখে। পরে লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার দিনই নিহতের মা মোছা: হাসিনা বেগম বাদী হয়ে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুত্রবধূ মোছা: ফারজানা ইসলাম লাকীসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত করে হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততা না থাকায় নিহতের স্ত্রীকে মামলা থেকে অব্যহতি দেয়। পরে কললিস্ট পর্যালোচনা করে ঘটনার সাথে জড়িত থাকায় চার জনের বিরুদ্ধে ২০১৫ সালের ২২ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আদালত দীর্ঘ বিচারের পর ১৯ জন স্বাক্ষীর মধ্যে ১২ জনের স্বাক্ষের ভিত্তিতে জেলা ও দায়রা জজ মো: জুলফিকার আলী খাঁন হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় মোছা: জান্নাতুল ফেরদৌস শাপলাকে সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড, মো: এহসান আহাম্মেদ সোহাগ ও মোছা: সুফিয়া আক্তার রিনাকে সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন।
আলমগীর হোসেন/বার্তাবাজার/পি