আশুলিয়ায় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় চলছে অবৈধ গ্যাস সংযোগ!
ঢাকার সাভারের আশুলিয়ায় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় চলছে অবৈধ গ্যাস সংযোগ প্রদান। আর এসব ক্ষেত্রে ওইসব প্রভাবশালীরা বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছেন। কেউ ওসব অবৈধ বাড়ির ‘কেয়ারটেকার’ হয়ে পড়ছেন, আবার অনেকে নিজের আত্মীয়স্বজনের নামে বাড়ি বানিয়ে সেখানে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে মাসের পর মাস চুটিয়ে ব্যবসা করে চলেছেন।
এই অবৈধ গ্যাস ব্যবহারকারী একজন হলেন সদ্য বিলুপ্ত ঘোষিত আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি সামিউল আলম শামীম (এস এ শামিম)। রবিবার (৪ এপ্রিল) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস পাথালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকায় কুরগাঁও সোসাইটি রোডে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করে। এসময় অভিযান পরিচালনাকারী তিতাসের উপ-ব্যবস্থাপক ইদ্রিস আলী সাংবাদিকদের বিষয়টি জানান।
তিনি বলেন, গোপনসূত্রে খবর পেয়ে আজ আমরা আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও টাট্টিবাড়ি এলাকায় অবৌধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করি। এসময় মোঃ শামিম এর একটি একতলা বিল্ডিং এ ৩টি ডাবল ও ৩টি সিঙ্গল চুলা অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে চালু অবস্থায় পেয়েছি। এই ভবনের কেয়ারটেকার আব্দুল কাদের ও গ্যাসের কোনো বিল বই দেখাতে পারেন নাই। আমরা ওই সংযোগটি বিচ্ছিন্ন করেছি
উপ-ব্যবস্থাপক ইদ্রিস আলী আরও বলেন, এসময় আমরা মিজানুর রহমান এর নির্মীয়মান ৭তলা ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি, এখানে মোট ৭টি চুলা ব্যবহার হয়ে আসছে। তবে বাড়ির মালিক তাদের কোনো বিল বই দেখাতে পারেনি।
তবে, মুঠোফোনে সাবেক ছাত্রলীগ নেতা এস এ শামীমের নিকট জানতে চাইলে তিনি বলেন, কুরগাঁও এলাকায় যে বাড়িতে অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করব হয়েছে, সেই বাড়ির মালিক আমি না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির অধ্যাপক মৃত হারুন-অর-রশীদের। আমি বাড়িটির দেখাশুনা করি।
তবে ওই বাড়ির ভাড়াটিয়াগণ এবং আশেপাশের অনেকেই জানিয়েছেন, টাট্টিবাড়ির যে বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে সেটা ছাত্রলীগের সাবেক সভাপতি শামীমের।
তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম বলেন, আজ আমরা পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও টাট্টিবাড়ি এলাকায় কিছু অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি। এসব বাড়িওয়ালার বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইনে ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/পি