পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধ: গ্রাম্য সালিশে স্কুল শিক্ষিকাকে কুপিয়ে জখম!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গ্রাম্য সালিশের মধ্যেই প্রতিপক্ষের হামলায় স্কুল শিক্ষিকাসহ চারজন গুরুতর আহত হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) সকালে উপজেলার মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত অন্যরা কামাল হোসেন, আবদুল বাতেন, মানিক মিয়া, বাদল হোসেনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, মাছিমপুর গ্রামে মৃত আব্দুল মান্নানের পরিবারের সাথে পুকুরের জমি নিয়ে বিরোধ চলছিলো প্রতিবেশী ছোটন মিয়ার। শনিবার (৩ এপ্রিল) সেই জমি মিমাংসার জন্য উভয় পক্ষ গ্রাম্য সালিশের আয়োজন করে।

এ সময় উভয় পক্ষের উপস্থিতিতেই গ্রাম্য সালিশের এক পর্যায়ে ছোটন মিয়া, আ: মতিন, শিবলু, রতনমিয়া নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে মৃত মান্নানের স্ত্রী শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসিমা আরা মাহমুদার ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। এ সময় তাকে উদ্ধারে এগিয়ে গেলে কামাল হোসেন, আবদুল বাতেন, মানিক মিয়া, বাদল হোসেনকেও মারপিট করা হয়।

আহত শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসিমা আরা মাহমুদা। -বার্তা বাজার

আহত কামাল হোসেন জানান, মীমাংসার জন্য দরবার শালিস চলাকালে ছোটন মিয়া ও তার কয়েকভাই মিলে অতর্কিত কুপিয়ে আমাদের জখম করে। তারা জবরদখল করে জমি নিতে চায়।

এ হামলার নেতৃত্বদানকারী ছোটন মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বার্তা বাজারকে জানান,লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর