করোনা ভাইরাসের সংক্রমন থেকে মানুষকে নিরাপদ রাখতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাওয়া অকুতোভয় পুলিশ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে রবিবার (৪ এপ্রিল) রাত ১২.২৩ ঘটিকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি সশস্ত্র পুলিশ পরিদর্শক (আরআই), পুলিশ লাইনস্, নরসিংদী হিসেবে কর্মরত ছিলেন। অত্যন্ত বিনয়ী, ভদ্র, পেশাদার এই কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২০ মার্চ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
কর্মজীবনে মোঃ আসাদুজ্জামান আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)সহ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
করোনাযুদ্ধে পুলিশের দক্ষ এই কর্মকর্তার মৃত্যুতে নরসিংদী জেলা পুলিশ গভীরভাবে শোকাহত। একই সাথে দেশের মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে যেয়ে তাঁর এমন আত্মত্যাগের জন্য পুলিশের প্রতিটি সদস্য গর্বিত। করোনার সম্মুখযোদ্ধা অকুতোভয় এই বীরের মৃত্যুতে নরসিংদী জেলা পুলিশের সর্বস্তরের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমানুভূতি প্রকাশ করছি। তিনি বেঁচে থাকবেন তার কর্মের গুণে, আমাদের মাঝে, পুলিশ লাইন্সের পুরোটা জুড়ে। বার্তাবাজার/পি
একে এম রেজাউল করিম/বার্তাবাজার/পি