জয়পুরহাটে টিসিবি পণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্যের দাম কমানোসহ নিত্যপ্রয়োজনীয় সকল খাদ্যদ্রব্যের দাম কমানোর দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ পরবর্তী মানববন্ধন সমাবেশ করেছে জেলা সমাজতান্ত্রিক দল (বাসদ)।
রবিবার (৪ এপ্রিল) দুপুর ১২টা নাগাদ জেলা শহরের জিরো পয়েন্টে মানববন্ধন সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শরিক দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
এর আগে চিনিকল সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলটির নেতা কর্মীরা।
এ সময় মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, রমজানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় দেশে যে হারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে তা গরীব মেহনতি মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। সরকার অবিলম্বে অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে না পারলে অনেক গরিব অসহায় মানুষ না খেতে পেরে মরার অবস্থা তৈরি হবে বলে আশংক্ষা প্রকাশ করেছে।
বক্তারা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তা কমানোর দাবি জানানোর পাশাপাশি শ্রমজীবীদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।
তারা আরো বলেন, কাল সোমবার থেকে মহামারী করোনার প্রভাবে সারাদেশে লকডাউন দেওয়ার ঘোষনা দিয়েছে সরকার। শুধু লকডাউন দিলে চলবে না লকডাউনের কারণে কোন গরিব অসহায় মানুষ যাতে অনাহারে না থাকে তার ব্যবস্থা করার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান বক্তারা।
অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের জেলা আহ্বায়ক ওয়াজেদ পারভেজ, সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, সদস্য উৎপল দেবনাথ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।
রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/পি