মারা গেলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।। মৃত্যুকালে তার বয়স ছিল ৬০ বছর। রোববার (৪ এপ্রিল) রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আসলামুল হক ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তার পৈতৃক বাড়ি রাজধানীর মিরপুর এলাকায়। তার পিতার নাম হাজী মো. এনামুল হক মুন্সী এবং মায়ের নাম ফিরোজা হক। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পেশায় ব্যবসায়ী আসলামুল হক রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন। তিনি মায়িশা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এছাড়া তিনি ভূমি ব্যবস্থাপনা, রিয়েল এস্টেট, বিদ্যুৎ উৎপাদন ও বিক্রয়, কেমিক্যাল আমদানি, কনজ্যুমার প্রোডাক্টস ও ট্রেডিং ব্যবসার সাথে জড়িত ছিলেন।
ব্যবসার পাশাপাশি তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সদস্যও ছিলেন।
বার্তাবাজার/পি