রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেলে যাওয়া সেই ৮ মাসের কন্যা শিশুর মায়ের পরিচয় মিলেছে। একইসাথে শিশুটির মায়ের অবস্থানও নিশ্চিত করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।
তবে নিজে শিশুটিকে ফেলে রেখে চলে যাওয়ার পর যেহেতু তিনি স্বেচ্ছায় আর নেওয়ার জন্য যোগাযোগ করেননি তাই ওই নারীকে আর খোঁজে বের করা হচ্ছে না।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, যদি ওই মা নিজের থেকে বাচ্চাটিকে ফেরত নিতে আগ্রহী হন সে বিষয়টিকেই প্রাধান্য দেয়া হবে। অন্যদিকে, বাচ্চাটিকে দত্তক নিতে নিয়ম মেনে যোগাযোগ করছে অনেকেই।
জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু ওয়ার্ডে ওই শিশুটিকে সুস্থ করে তুলতে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ঢামেক কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটি শারীরিক অবস্থা ভালো আছে। তাকে আজিমপুর শিশু নিবাসে পাঠানো হবে।
প্রসঙ্গত, শুক্রবার সকালে বিমানবন্দরের আগমনী টার্মিনাল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তার মা রাতে একটি ফ্লাইটে সৌদি থেকে দেশে আসেন। ওই নারী বৃহস্পতিবার দিনগত রাত ২টায় সৌদি আরব থেকে একটি ফ্লাইটে ঢাকায় আসেন। অবতরণের পর তিনি ৫ নম্বর লাগেজ বেল্টের সামনে শিশুটিকে নিয়ে অবস্থান করেন।
বাড়ি ফেরার জন্য রাতে গাড়ি পাবেন না, তাই সকাল পর্যন্ত সেখানেই অপেক্ষা করেন। সকাল ৮টার দিকে হঠাৎ শিশুটিকে কান্না করা অবস্থায় রেখে তিনি লাগেজ নিয়ে পালিয়ে যান।
বার্তা বাজার/এসজে