বিরল ব্যাক্তিত্ব সম্পন্ন মিন্টু তাঁর কর্মে বেঁচে থাকবেন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দের উদ্যোগে ১৬নং চকবাজার ওয়ার্ডের পর পর সাতবারের নির্বাচিত কাউন্সিলর সদ্য মরহুম সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর স্মরণসভা আজ শনিবার টাইগার পাশস্থ কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী বলেন সাইয়েদ গোলাম হায়দার মিন্টু বিরল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তাঁর চারিত্রিক গুনাবলী ও সদাচরণ মানুষকে সহজেই আপন করে তুলত। চকবাজারের মানুষ ও সহকর্মী কাউন্সিলরদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, হৃদ্যতার বন্ধনে আবদ্ধ আপনার চেয়েও আপন।
চকবাজারের মানুষ তাঁকে পর পর সাতবার তাঁদের প্রতিনিধি হিসেবে সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত করেছেন। শুধু চট্টগ্রাম নয়, সারাদেশের মানুষের কাছে স্বাধীনতা বিরোধী জামাত শিবির অধ্যুষিত চকবাজারকে অনেকটা আক্ষেপের সুরে পশ্চিম পাকিস্তান বলে ডাকত। এমন একটি এলাকা থেকে প্রগতিশীল, শান্ত, শিষ্ট কোন মানুষ ভালভাবে টিকে থাকাটা দায় ছিল। সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর প্রগতিশীলতা, শান্ত শিষ্টতা, ভদ্রতা, নম্রতা, সদাচারীতা ও নিষ্কলুতার জোর এত প্রকট ছিল যে মানুষের মনের মণিকোটা থেকে তাঁকে কোন শক্তিই বের করে দিতে পারেনি।
জাতীয় পার্টি, জামাত বিএনপির বিরুদ্ধে নির্বাচিনী লড়াইয়ে কোন প্রকার পোষ্টার লিফলেট না ছাপিয়েও বিজয়ী হয়ে তিনি সততার জয়ের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে অবিচল থেকে মরহুম কাউন্সিলর মিন্টু আমৃত্যু মানুষের কল্যানে কাজ করে গেছেন। নিবেদিত প্রাণ সমাজসেবী ও রাজনীতিবিদ সাইয়েদ গোলাম হায়দার মিন্টু তাঁর কর্মের মধ্য দিয়ে সর্বসাধারনের মনে আজীবন বেঁচে থাকবেন।
প্যানেল মেয়র ও বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও কাউন্সিলর শৈবাল দাস সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র ও কাউন্সিলর আবদুস সবুর লিটন, প্যানেল মেয়র ও মহিলা কাউন্সিলর আফরোজা কামাল, প্রবীন কাউন্সিলর নুরুল হক ও মরহুম গোলাম হায়দার মিন্টুর পুত্র সাইয়েদ সদরুল হায়দার প্রমূখ।
সুমন শাহ/বার্তাবাজার/পি