খুলনায় দোকান ও বাজার বন্ধের ঘোষণা

খুলনা জেলায় বাজার ও দোকানপাট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে এই নির্দেশ কার্যকর হবে প্রতিদিন সন্ধ্যার পর। এর আওতামুক্ত থাকবে ক্লিনিক, হাসপাতাল ও ওষুধের দোকান। পাশপাশি পর্যটনকেন্দ্র, পার্ক, বিনোদনকেন্দ্র বন্ধ রাখাসহ ৫ দফা নির্দশনা দেওয়া হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) খুলনা জেলা প্রশাসক হেলাল হোসেন সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামী ৫ এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর হবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসমাগম, সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ন্ত্রণ, যান চলাচল, পর্যটন, বিনোদনকেন্দ্রে জনসাধারণ নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সেই সিদ্ধান্ত কার্যকরণের লক্ষে খুলনা জেলার করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বাজার ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলার দাকোপ, পাইকগাছা, কয়রা উপজেলাধীন সুন্দরবন কেন্দ্রিক সকল ধরনের পর্যটন কার্যক্রম ও পর্যটকদের দর্শন বন্ধ রাখতে হবে। সুন্দরবন কেন্দ্রিক ট্যুর আয়োজনকারীদেরকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্যুর কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হলো। একই সঙ্গে খুলনা জেলা ও মহানগরের সকল ধরনের পর্যটন কেন্দ্র, পার্ক, পিকনিক স্পট, বিনোদন কেন্দ্র বন্ধ রাখতে হবে।

এতে আরো উল্লেখ করা হয়, ক্লিনিক, হাসপাতাল, ওষুধের দোকান ব্যতীত অন্যান্য সকল দোকান, বাজার প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। সন্ধ্যা ৭টার পর কোনো দোকান, বাজার খোলা থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খাবারের দোকান রাত ৮টা পর্যন্ত এবং ক্লিনিক, হাসপাতাল ও ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা থাকবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর