টাঙ্গাইল জেলা সাংস্কৃতিক কর্মকর্তার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইল জেলা সাংস্কৃতিক কর্মকর্তা খন্দকার রেদওয়ানা ইসলামের হত্যাকারীদের বিচারের দাবিতে শনিবার মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। জেলা ছাত্র ফেডারেশন সকাল ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসুচি পালন করে।
ঘণ্টাব্যাপী এই কর্মসুচি চলাকালে বক্তব্য রাখেন, জেলা ছাত্র ফেডারেশনের আহবায়ক ফাতেমা রহমান বীথি, যুগ্ম-আহবায়ক ইয়াসিন আরাফাত, সদস্য সচিব মাহাথির মোহাম্মদ খান প্রমুখ। বক্তারা খন্দকার রেদওয়ানা ইসলামের খুনী তার স্বামীকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, রেদওয়ানা ইসলাম প্রসব ব্যথা নিয়ে গত ২২ মার্চ মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তিনি একটি কন্যা সন্তান জন্ম দেন। এরপর থেকে কন্যা সন্তানটি আইসিওতে (নিবিড় পরিচর্যা ইউনিট) রাখা হয়। তিনি হাসপাতালের একটি কেবিনে ছিলেন। গত ২৭ মার্চ সকালে তার স্বামী মিজান হাসপাতালে রেদওয়ানার সাথে দেখা করতে আসেন। বিকেলে হাসপাতালের নার্স রেদওয়ানার কক্ষ বাইরে থেকে তালা দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিকল্প চাবি দিয়ে তালা খুলে ভেতরে রেদওয়ানার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়ি হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। পরদিন (২৮ মার্চ) নিহতের ছোট ভাই খন্দকার মোহাম্মদ আরশাদুল আবিদ বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় রেদোয়ানার স্বামী মিজানকে (৪৫) একমাত্র আসামী করা হয়েছে।
হাসান সিকদার/বার্তাবাজার/পি