ডিমলায় অতি দরিদ্রের কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন
নীলফামারীর ডিমলা উপজেলায় অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) সামাজিক নিরাপত্তা বেস্টনি কর্মসূচির আওতায় ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে এই কাজের উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
২০২০-২১ অর্থ বছরে ২য় পর্যায়ে ৪০ দিনের ইজিপিপি কর্মসূচিতে কাচাঁ সড়কে মাটির কাজে উপজেলা ১০ ইউনিয়নে ২ হাজার ২শত ৪৬ জন অতি দরিদ্র উপকারভোগী এই কাজে সুযোগ পেয়েছে। তারা প্রতিদিন ২শত করে ৪০ দিনে মোট ৮ হাজার টাকা পাবে। এরা বছরের ১ম পর্যায়ে কর্মসংস্থান কর্মসূচিতে কাজ করেছিলো।
গরিব ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিক সহায়তাসহ সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বর্তমান সরকার কাজ করছে। এজন্য উপজেলার অতিদরিদ্র এবং মৌসুমী বেকার শ্রমিক পরিবারের জন্য এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ত্রান ও পূনর্বাসন মন্ত্রনালয়ের সহযোগীতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
তারিকুল ইসলাম সোহাগ/বার্তাবাজার/পি