একসাথে ‘নরমাল ডেলিভারিতে’ চার সন্তানের জন্ম, সুস্থ সবাই

ফেনীতে এক গৃহবধূ একসাথে জন্ম দিয়েছেন চার সন্তানের। একসাথে চার সন্তান পেয়ে তিনি খুব খুশি। তবে তাদের সুস্থতা, ভবিষ্যৎ ও লালন পালন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন রাজমিস্ত্রি ফরহাদ ও তার স্ত্রী দম্পতি।

মঙ্গলবার (৩০ মার্চ) ফেনী শহরের একটি বেসরকারি হাসপাতালে এই শিশুগুলোর জন্ম দেন নোয়াখালীর সেনবাগ উপজেলার বাতাকান্দি গ্রামের রাজমিস্ত্রি ফরহাদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস।

জন্ম নেওয়াদের মাঝে দু’টি ছেলে ও দু’টি মেয়ে সন্তান রয়েছে। শুক্রবার (২ এপ্রিল) হাসপাতাল থেকে গৃহবধূ ও সন্তানদের বাড়িতে নিয়ে যায় স্বজনরা।

জানা যায়, মঙ্গলবার (৩০ মার্চ) প্রসব বেদনা শুরু হলে স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুরের ফেনী প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ল্যাপারোস্কোপি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। ওই রাতেই জান্নাত স্বাভাবিক নিয়মে চার সন্তান প্রসব করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. আবদুল কাইয়ুম বলেন, প্রথমে ওই নারীর পেটে তিনটি সন্তান রয়েছে বলে আমরা নিশ্চিত হই। প্রসবকালে তিনি একে একে ৪টি সন্তান প্রসব করেন। সন্তান জন্মদানের পর ছোটখাটো কিছু সমস্যা থাকলেও শুক্রবার তারা পুরোপুরি সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

গৃহবধূর স্বামী ফরহাদ বলেন, চার সন্তান পেয়ে তিনিসহ পরিবার-পরিজন সবাই খুশি। পরিবারের সবাই মিলে নবজাতকদের যত্ন নিলে কোনো সমস্যা হবে না। এ সহযোগিতা তো বেশি দিন সম্ভব হবে না। এদের ভবিষ্যৎ গড়তে সরকারি, বেসরকারি ও ব্যক্তিদের সহায়তার দাবি জানান তিনি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর