বিএনপি যে নেতিবাচক ভাইরাসে আক্রান্ত তা করোনার চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (৩ এপ্রিল) সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
তিনি বলেন, মহামারি করোনাকালীন সময়ে জনগণের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে মিডিয়ায় ঝড় তোলা আর সরকারের অন্ধ সমালোচনা ও মিথ্যাচারই করোনাকালে বিএনপির সফলতা। সরকারের কোনো উদ্যোগ তারা চোখে দেখে না।
একবার লকডাউন নিয়ে অপপ্রচার, আবার করোনা ভ্যাকসিন নিয়ে মিথ্যাচার- সরকারের ব্যর্থতা খোঁজা বিএনপির রোজনামচা উল্লেখ করে তিনি বলেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হয়েও দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর ন্যূনতম মূল্যবোধও বিএনপি হারিয়ে ফেলেছে।
জনগণের সম্পদ বিনষ্ট আর নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বিএনপি ও তার সহযোগীরা যে তাণ্ডবলীলা চালিয়েছে তার জন্য বিএনপিকেই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।
বার্তাবাজার/নব