ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ১৩৫ তলা বিশিষ্ট বিশ্বের সবচেয়ে উঁচু মসজিদ নির্মাণের দাবি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। শনিবার (৩ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ওলামা লীগ এবং সমমনা ১৩টি দল এই দাবি জানিয়েছে।
একইসাথে তারা দাবি করেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করতে হবে। মসজিদে মাস্ক পরা বাধ্যতামূলক এবং রোজা অবস্থায় টিকা জায়েজ, ইফার এ ফতোয়া অনতিবিলম্বে প্রত্যাহারের দাবিও তারা জানান।
এসময় বক্তারা বলেন, সরকারের উচিত অবিলম্বে হেফাজত-জামায়ত নিষিদ্ধ করা। পাশাপাশি সাধারণ মুসলমানদেরও উচিত তাদের বয়কট করা। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা নন বরং তিনি গোটা মুসলিম বিশ্বের নেতা। কাজেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্থানে পৃথিবীর সর্বোচ্চ মসজিদ (১৫০ তলা) নির্মাণ করতে হবে এবং বঙ্গবন্ধু যেখানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন সেখানে সর্বোচ্চ মীনার তৈরি করতে হবে।
তাদের উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে- অনতিবিলম্বে হেফাজত-জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। মুজিব শতবর্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ১২ একর জায়গার উপর জমি নিয়ে পৃথিবীর সর্বোচ্চ ১৫০ তলা মসজিদ নির্মাণ ও ৭ মার্চ ভাষণের স্থানে সর্বোচ্চ মিনার তৈরি করতে হবে।
মানবন্ধনে সভাপতিত্ব করেন ওলামালীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ মাওলানা মো. আখতার হোসাইন বোখারী মানববন্ধনে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আলহাজ মো. আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি আলহাজ হাফেজ মুফতী মাওলানা মো. আব্দুর সাত্তার, আওয়ামী ওলামা লীগের সহসভাপতি হাফেজ মাওলানা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল, সহ দপ্তর সম্পাদক মাওলানা মুহম্মদ আব্দুস সবুর মিয়া প্রমুখ।
বার্তা বাজার/এসজে