চায়ের দোকানে ২ বছরের সন্তানকে ফেলে গেলেন মা

বেনাপোল বাজারে একটি চায়ের দোকানে দুই বছরের সন্তানকে রেখে বাথরুমে যাওয়ার কথা বলে আর ফিরে আসেননি মা। শিশুটি বর্তমানে বেনাপোল পোর্ট থানা পুলিশের হেফাজতে রয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে বেনাপোল বাজারের তোফাজ্জেল হোসেনের চায়ের দোকানে ঘটনাটি ঘটে।

চা দোকানি তোফাজ্জল হোসেন জানান, এক নারী রাত ৯টার দিকে ছেলে শিশুটিকে নিয়ে তার চায়ের দোকানে আসেন। কিছু সময় পর বাথরুমে যাওয়ার কথা বলে শিশুটিকে দোকানের বেঞ্চে বসিয়ে রেখে যান। চায়ের দোকানির কাছে নিজেকে শিশুটির মা বলে পরিচয় দিয়েছিলেন ওই নারী।

কিন্তু দীর্ঘ সময় পার হলেও ওই নারী আর ফিরে না এলে চায়ের দোকানদার তোফাজ্জল বিষয়টি পুলিশকে জানিয়ে শিশুটিকে থানা হেফাজতে হস্তান্তর করেন।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং শিশুটির পরিবারকে খোঁজা হচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিশুটির পরিবারকে খোঁজা হচ্ছে।

শিশুটিকে কেউ চিনে থাকলে ০১৩২০-১৪৩৩৯৩/০১৬৩৭-৭৮২৫৮০ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান ওসি মামুন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর