সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেটে জিতেছে পাকিস্তান। বাবর আজমের সেঞ্চুরির পরেও জয়ের জন্য শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয় পাকিস্তানকে।
শুক্রবার (২ এপ্রিল) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৩ রান করে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে ১৩৪ বলে ১০ চার ও ২ ছয়ে ১২৩ রানে অপরাজিত থাকেন রাসি ভন ডার ডুসেন।
ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান আসে ডেভিড মিলারের ব্যাট থেকে। এছাড়াও অ্যান্দিলে ফেলুকায়ো ২৯, কুইন্টন ডি কক ২০ রান করেন। পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি ও হ্যারিস রউফ ২টি করে উইকেট শিকার করেন। মোহাম্মদ হাসনাইন ও ফাহিম আশরাফ ১টি করে উইকেট নেন।
২৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৮ রান করে ফিরে যান ফখর জামান। এরপর ব্যাট হাতে প্রতিরোধ গড়েন ইমাম উল হক ও বাবর আজম। দুইজন মিলে ১৭৭ রানের জুটি গড়েন। ১০৩ বলে ১৭ চারে সেঞ্চুরি পূর্ণ করেন বাবর। ১০৩ রান করে ফিরেন তিনি।
বাবরের বিদায়ের পর ৭০ রান করে ফিরেন ইমাম। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে পাকিস্তান। তবে মোহাম্মদ রিজওয়ানের ৪০ ও শাদাব খানের ৩৩ রানে ভর করে শেষ বলে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকার হয়ে অ্যানরিক নরকিয়া ৪টি, অ্যান্দিলে ফেলুকায়ো ২টি ও কাগিসো রাবাদা ১টি উইকেট শিকার করেন।
বার্তাবাজার/নব