করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার। আজ কিছু শারিরীক জটিলতা দেখা দেয়ার ফলে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। কিছুদিন আগে তিনি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নিয়েছিলেন। সেখানে তার খেলা দেখার পর মনেই হয়নি যে ৮ বছর আগে তিনি এত দিন আগে খেলা ছেড়েছেন। এই রোড সেফটি সিরিজেই তিনি করোনায় আক্রান্ত হন। ভারতের ক্রিকেট ঈশ্বরের সুস্থতার জন্য গোটা ক্রিকেটবিশ্ব প্রার্থনা করছে। যাদের মাঝে আছেন পাকিস্তানের পেস কিংবদন্তি ওয়াসিম আকরাম।
আজ থেকে ৩২ বছর আগে ১৯৮৯ সালে ১৬ বছর বয়সী শচীন টেন্ডুলকারের অভিষেক হয়েছিল ইমরান খান, ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরামদের নিয়ে গড়া ভয়ংকর পেস অ্যাটাকের বিপক্ষে। ওয়াকারের বলে তাকে রক্তাক্ত করেছিল, কিন্তু অদম্য শচীন সেদিন লড়াই করে ক্রিকেটবিশ্বকে জানিয়ে দিয়েছিলেন; তিনি আসছেন। পরবর্তী দুই দশকের বেশি সময় সেই শচীন ক্রিকেটের সমস্ত রেকর্ডকে ধুলিস্যাৎ করে দিয়েছেন। সেই অভিষেকের স্মৃতিচারণ করেই আকরাম শচীনের জন্য প্রার্থনা করেছেন।
টুইটারে আকরাম লিখেছেন, ‘এমনকি তুমি যখন ১৬ বছরের কিশোর, তখন অসাধারণ দৃঢ়তা আর আত্মবিশ্বাস নিয়ে বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে মুখোমুখি হয়েছিলে। সুতরাং আমি নিশ্চিত যে তুমি কোভিড-১৯ কে বিশাল একটা ছক্কায় উড়িয়ে দেবে। দ্রুত সুস্থ হয়ে ওঠো কিংবদন্তি! যদি তুমি তোমার বিশ্বকাপ জয়ের দশকপূর্তির দিনটা হাসপাতালের চিকিৎসক আর নার্সদের সঙ্গে উদ্যাপন কর, ব্যাপারটা দারুণ হবে। ছবি দিতে কিন্তু ভুল করো না।’
বার্তাবাজার/ভি.এস